দীর্ঘ আট বছর পর ফের অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মাঝে লম্বা সময় সিনেমা থেকে দূরে থাকলেও অভিনয়কে খুব একটা মিস করেননি বলে জানিয়েছেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটানো, সন্তানদের বড় করে তোলাকেই জীবনের অগ্রাধিকার হিসেবে বেছে নিয়েছেন অভিনেত্রী। বিংশ শতাব্দীর শুরুতে নায়িকাদের মধ্যে সব থেকে বেশি অর্থ উপার্জন করাই নয়, অন্যতম সফল অভিনেত্রীর তকমাও জড়িয়ে রয়েছে প্রীতির সঙ্গে। তবে বিয়ে ও সন্তানদের জন্মের পর থেকে খুব কম অভিনয় করেছেন তিনি। এর মাঝে সফল ব্যবসায়ী হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন প্রীতি।
সবশেষ ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে কাজ করেছিলেন তিনি। সেই ছবিতে তার বিপরীতে ছিলেন সানি দেওল। কাকতালীয়ভাবে আট বছর পর প্রীতির কামব্যাক ছবি ‘বাটওয়ারা-১৯৪৭’ এও তার বিপরীতে রয়েছেন সানি। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবির প্রচার অনুষ্ঠানে প্রীতি বলেন, সত্যি বলতে সিনেমার কাজ বেশি মিস করিনি। বরং পরিবারের সঙ্গে উপভোগ করেছি মাঝের সময়টা। কারণ এটা একটা অন্যরকমের অভিজ্ঞতা। সন্তানের জন্ম, তাকে বড় করা, ব্যক্তিগত জীবনের দিকে মনোনিবেশ করা। ব্যক্তিগতভাবে মনে করি, সন্তানকে জন্ম দেয়া আমার জীবনের সব থেকে বড় মাইলফলক।
