‘আর ফিরতে চাই না’

‘আর ফিরতে চাই না’

ফন্ট সাইজ:

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দেড় শতাধিক সিনেমা এবং অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে মায়ের চরিত্রে তার অভিনয় দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গুণী এই অভিনেত্রী জানান, নিয়মিত বাণিজ্যিক চলচ্চিত্রে আর অভিনয় করতে চান না। বর্তমান চলচ্চিত্রের পরিবেশ, নির্মাণধারা ও ইন্ডাস্ট্রির সার্বিক অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। ডলি জহুর বলেন, বাণিজ্যিক সিনেমার শিল্পী হিসেবে আর নাম লেখাতে চাই না। অনেক প্রস্তাব এসেছে। সবাইকে বলেছি, আমি আর ফিরতে চাই না। এখন আমার চলে যাওয়ার সময়। তিনি বলেন, আমি ব্যাক করলে অন্যদের ছবি আটকে যাবে। আমি মরে গেলে তো ছবি শেষ হবে না। তাই নতুনদের সুযোগ দেয়া উচিত।

যদি ছবির পরিবেশ আগের মতো হয়, ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ায়- তখন হয়তো ভাববো। চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেত্রী। তার ভাষায়, এই দেশে ছবি হতেই হবে। না হলে দেশের সংস্কৃতি থাকবে না। আজ যেটা হচ্ছে, আগামীকাল সেটা বদলাতেও পারে। হয়তো অন্য কোনো ধারায় চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। বর্তমানে হলে গিয়ে সিনেমা দেখা হয় না জানিয়ে ডলি জহুর বলেন, সত্যি বলতে এখনকার ছবি দেখা হয় না। কোথায় দেখবো? হলে তো যাই না। দর্শকের মন-মানসিকতা বুঝে নির্মাতাদের নতুন করে ভাবতে হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন