মাদক ব্যবসায় বাধা দেয়ায় নিজের স্ত্রী ও স্কুল পড়ুয়া সন্তানকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে সাহিদ শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এমনকি নিজের সন্তানের বইখাতাও পুড়িয়ে দেয় মাদকাসক্ত ওই পিতা। সম্প্রতি ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে গত শুক্রবার সকাল থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাহিদ মাঝারদিয়া গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে। এলাকাবাসী জানান, সাহিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তিনি মাদকসহ একাধিকবার আটক হয়ে জেলও খেটেছেন। বর্তমানেও তার মাদক ব্যবসা চলমান। প্রতিবেশীরা জানান, সাহিদের ছেলে আশিক শেখ এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। বাবা মাদক ব্যবসায়ী হওয়ায় বন্ধু মহলে মুখ দেখাতে পারে না ছেলে। যে কারণে আশিক তার বাবাকে মাদক ব্যবসা বাদ দিতে চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার বিকালে সাহিদ তার ছেলে ও স্ত্রীকে ঘরের খুঁটিতে বেঁধে মারধর ও নির্যাতন করে। এ সময় আশিকের সকল বইখাতাও পুড়িয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে আশিক ও তার মা পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছে। এদিকে মাদক ব্যবসায়ী পিতা সাহিদের বিচার চেয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ছেলে আশিক। অভিযুক্ত সাহিদের স্ত্রী জাহানারা বেগম বলেন, আমার স্বামী একজন মাদক ব্যবসায়ী। তিনি নিয়মিত মাদক সেবনও করেন। সংসারও ঠিকমতো চালায় না। তার মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয়ায় প্রায়ই আমাকে ও আমার ছেলেকে মারধর করে। গত বুধবার লোকজন নিয়ে বাড়িতে মাদক সেবনকালে বাধা দেয়ায় আমাদের খুঁটিতে বেঁধে রেখে মারধর করে। এ সময় আমার ছোট শিশুসন্তান জুনায়েদকে আটকে রেখে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। আমি দ্রুত আমার ছোট ছেলেকে ফেরত চাই। সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন- এ ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর থেকে মাদক ব্যবসায়ী সাহিদকে ধরার চেষ্টা চলছে।
মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
