সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলম মৃত্যুবরণ করেন। তিনি একই উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। তার এ মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানায়, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় নিয়মিত সংঘবদ্ধভাবে আড্ডা দেয়। রাস্তা দিয়ে চলাফেরা করা যুবতী মেয়েদের তারা উত্ত্যক্ত করে। পরে রশিদপুর গ্রামের কিছু লোক আড্ডা দিতে নিষেধ করার তারা ওই গ্রামে হামলা চালায়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইভটিজিংয়ে বাধা দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশিনাথপুর গ্রামের বখাটে যুবকরা। খবরটি ছড়িয়ে পড়লে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শাহ আলম গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার আরও অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জে সংঘর্ষে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
