ইতিহাস গড়লেন ডেনমার্কের প্রিন্সেস ইসাবেলা

ইতিহাস গড়লেন ডেনমার্কের প্রিন্সেস ইসাবেলা

ফন্ট সাইজ:

ডেনমার্কের প্রিন্সেস ইসাবেলা ১১ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শুরু করেছেন। এর মাধ্যমে তিনি ডেনমার্কের রাজপরিবারের ইতিহাসে প্রথম নারী সদস্য হিসেবে পূর্ণাঙ্গ সামরিক বাধ্যতামূলক সেবায় যোগ দিলেন। নাইন ডটকম ডটএইউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ বছর বয়সী এই রাজকুমারী ৩রা আগস্ট স্লাগেলসে শহরের আন্টভর্সকভ ব্যারাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এটি ডেনমার্কের রাজতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
রাজা ফ্রেডেরিক দশম এবং রানি মেরি’র জ্যেষ্ঠ কন্যা ইসাবেলা উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করার মাত্র কয়েক সপ্তাহ পরই গার্ড হুসার রেজিমেন্টে যোগ দেন। গ্রীষ্মকালীন ছুটি শেষে প্রথম দিন তিনি অত্যন্ত সাধারণভাবে ব্যারাকে পৌঁছান। একটি কালো এসইউভি নিজেই চালিয়ে সেখানে যান তিনি।

ঢিলেঢালা জিন্স ও সোয়েড জ্যাকেট পরা ইসাবেলার কাঁধে ছিল একটি বড় ব্যাকপ্যাক এবং হাতে একটি ছোট পার্স। ব্যারাকের প্রবেশপথে দায়িত্বরত প্রহরীকে নিজের পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে উপস্থিত কয়েকজন স্থানীয় সাংবাদিক ও আলোকচিত্রীকে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা জানিয়ে তিনি প্রশিক্ষণকেন্দ্রে প্রবেশ করেন। প্রিন্সেস ইসাবেলা তার বড় ভাই ক্রাউন প্রিন্স ক্রিশ্চিয়ানের পথ অনুসরণ করছেন। ক্রিশ্চিয়ানও একই ব্যারাকে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং বর্তমানে সেকেন্ড লেফটেন্যান্ট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন।

ডেনমার্কের রাজপরিবারের সদস্যরা ঐতিহ্যগতভাবেই সশস্ত্র বাহিনীতে সেবা দিয়ে থাকেন। তবে সম্প্রসারিত সামরিক কর্মসূচির আওতায় পূর্ণাঙ্গ বাধ্যতামূলক সামরিক সেবায় অংশ নেয়া রাজপরিবারের প্রথম নারী সদস্য হলেন ইসাবেলা। অন্যান্য প্রশিক্ষণার্থীদের মতো প্রিন্সেস ইসাবেলা সামরিক সেবার জন্য কোনো বেতন বা দৈনিক ভাতা গ্রহণ করবেন না। ডেনমার্কের রাজপরিবার জানিয়েছে, তিনি স্বেচ্ছায় এই আর্থিক সুবিধা প্রত্যাখ্যান করেছেন। সামরিক প্রশিক্ষণ চলাকালে তার ব্যক্তিগত ব্যয় বহন করবেন তার বাবা-মা। ডেনমার্কে বাধ্যতামূলক সামরিক সেবায় অংশগ্রহণকারীরা সাধারণত ১১ মাসের প্রশিক্ষণকাল জুড়ে মাসিক বেতন এবং করমুক্ত দৈনিক ভাতা পান।

প্রিন্সেস ইসাবেলার সেনাবাহিনীতে যোগদান এমন এক সময়ে হয়েছে, যখন ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ডেনমার্ক তার সামরিক সক্ষমতা জোরদার করছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং আর্কটিক অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে দেশটি প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যেই ডেনমার্ক ২০২৪ সালে নারীদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা চালু করে এবং প্রশিক্ষণের মেয়াদ চার মাস থেকে বাড়িয়ে ১১ মাস করা হয়। নতুন এই সম্প্রসারিত কর্মসূচির আওতায় চলতি সপ্তাহে প্রায় ১৬০০ তরুণ-তরুণী সামরিক প্রশিক্ষণ শুরু করেছেন।

এ মাসের শেষ দিকে প্রথমবারের মতো কিছু প্রশিক্ষণার্থীকে গ্রিনল্যান্ডে পাঠানো হবে, যেখানে তারা বিভিন্ন সামরিক ও অপারেশনাল দায়িত্বে অংশ নেবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন