রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

ফন্ট সাইজ:

সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৪ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। রিয়ার এডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পান। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা এবং আত্মত্যাগে গড়া তার অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনটি উপলক্ষে সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার প্রাঙ্গণে তার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, কোরআনখানি ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া দিনটি উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সকালে মাজারে পুষ্পস্তবক অর্পণ, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে, বাদ-জোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে মাহবুব আলী খানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে তার বাসভবন ‘মাহবুব ভবন’ এ কোরআন খতম, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন। দিনটি উপলক্ষে ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য প্রতিষ্ঠান ‘সুরভি’তে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারি বেগম মাহবুব আলী খান ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। বেগম মাহবুব আলী খান স্মরণ করেন যে, তার স্বামীর উৎসাহ ব্যতিরেকে তিনি এই সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সফলকাম হতে পারতেন না। রিয়ার এডমিরাল এম এ খানের মা জুবাইদা খাতুনও একজন সমাজসেবী ছিলেন। শৈশবে সেবামূলক কাজের শিক্ষাই হয়তো পরবর্তীতে তাকে সুরভি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাতে সহায়তা করে। এ ছাড়াও ঢাকায় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে এবং ঢাকায় বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ-জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা এবং তোবারক বিতরণ করা হবে। তাছাড়া পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা কলাবাগান সিলেটে পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হবে। এ ছাড়া জামেয়া ইসলামিয়া মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (র.) দরগা মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হবে। বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে বাদ-জোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং দক্ষিণ সুরমা বিএনপি’র উদ্যোগে কদমতলী জামে মসজিদে বাদ আসর মিলাদ, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হবে। বালাগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে বাদ-আসর দোয়া মাহফিল এবং ফেঞ্চুগঞ্জ বিএনপি’র উদ্যোগে বাদ-আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ওদিকে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে আজ মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ-আসর মিলাদ ও কোরআনখানি অনুষ্ঠিত হবে। এ ছাড়া গাবতলী লাঠিগঞ্জ অন্ধ এতিমখানায় বাদ-জোহর কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ্‌ কামাল (র.)-এর মাজারে এই দিনটি উপলক্ষে মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ তাওয়াফ, দোয়া ও মদিনায় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। এই দিনটি উপলক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যুক্তরাজ্যে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে ব্রিকলেন জামে মসজিদে সকাল ১০টা থেকে কোরআন খতম, বাদ-জোহর দোয়া মাহফিল। বিকাল ৬টায় রিজেন্ট লেক হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এই দিনটি উপলক্ষে যুক্তরাষ্ট্রেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভার্জিনিয়ার দারুল হিকমাহ্‌ ইসলামী সেন্টার ওয়াশিংটনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নিউ ইয়ার্কের জ্যাকসন হাইটস এ ইসলামী সেন্টারেও দোয়া মাহফিল আয়োজন করা হবে। তাছাড়া ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ-এ বাংলাদেশি কমিউনিটি মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ায় রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কোরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। চীনের সাহাবি মসজিদ ইউডি পার্ক গুয়াংজু সিটি, দক্ষিণ কোরিয়ার সিউলে পুশ্চেন সংউরি মসজিদ, সিঙ্গাপুরে আংগুলিয়া জামে মসজিদ এবং মালদ্বীপের সালমান মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।

জানা গেছে, কার্ডিওভাসকুলার রিসার্চ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজসেবার উদ্দেশ্যে স্থাপিত হবে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট এবং জনগণের মাঝে হৃদরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও এর চিকিৎসা প্রদানে ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ স্থাপনের উদ্যোগ নেয়া হবে তার জন্মভূমি সিলেটে। দুঃস্থ অসহায় রোগীদেরকে এই প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা প্রদানেরও উদ্যোগ নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন