জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে রাজধানীতে এক মোটরসাইকেল র্যালি করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। বুধবার দুপুরে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানের নেতৃত্বে এই র্যালি বের হয়। র্যালিটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে ফকিরাপুল, মতিঝিল, গুলিস্তান, বংশাল, বঙ্গবাজার, হাইকোর্ট, দোয়েল চত্বর হয়ে টিএসসিতে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ফের শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। র্যালিতে কয়েক শতাধিক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট দেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব দিন। ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে এদিন অবসান ঘটেছিল দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
