প্রাথমিক অবস্থায় ১৫ হাজার বিদেশি শ্রমিক নিয়োগের নির্দেশ দিয়েছেন আনোয়ার ইব্রাহিম

প্রাথমিক অবস্থায় ১৫ হাজার বিদেশি শ্রমিক নিয়োগের নির্দেশ দিয়েছেন আনোয়ার ইব্রাহিম

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ খাতগুলোতে দেখা দেওয়া তীব্র শ্রমিক সংকট দূর করা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করার লক্ষ্যে প্রথম ধাপে ১৫ হাজার বিদেশি শ্রমিকের আবেদন দ্রুত ও অবিলম্বে প্রক্রিয়াকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়কে (কেসুমা) এই নির্দেশ দেওয়া হয়েছে।
আজ দেশটির মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন যোগাযোগ মন্ত্রী তথা মাদানি সরকারের মুখপাত্র ফাহমি ফাদজিল।

বারনামা সহ প্রায় সবকটি গণমাধ্যম জানিয়েছে, সংবাদ সম্মেলনে ফাহমি ফাদজিল বলেছেন, “প্রধানমন্ত্রী এই প্রক্রিয়াকরণ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত শিল্প খাতগুলোর শ্রমিকের জরুরি চাহিদা মেটানো এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা অক্ষুণ্ণ রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।”

এর আগে, গত ১ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রেক্ষিতে জানানো হয়েছিল যে, বিদেশি শ্রমিক ব্যবস্থাপনার ওয়ান-স্টপ সেন্টার (ওএসসি)-এর সার্বিক পরিচালন দায়িত্ব এখন থেকে সরাসরি মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা) পালন করবে।

দেশটির মানবসম্পদ মন্ত্রী আর. রামানান জানিয়েছিলেন, ওএসসি-কে সরাসরি মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসার মূল লক্ষ্য হলো বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা এবং শিল্প মালিকদের প্রয়োজন অনুযায়ী আরও দ্রুত ও পদ্ধতিগতভাবে শ্রমিক সরবরাহ করা।

মালয় মেইল জানিয়েছে, গত ৩০ জুন আয়োজিত 'ক্যাবিনেট কমিটি অন ফরেন ওয়ার্কার্স'-এর প্রথম বৈঠকে সিদ্ধান্তটি গৃহীত হয় এবং তা অবিলম্বে কার্যকর করা হয়। মূলত সেই কাঠামোগত পরিবর্তনের পরই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রথম ধাপে ১৫ হাজার আবেদন দ্রুত অনুমোদনের নির্দেশ দিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন