দল মনোনয়ন দিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করতে চান বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার দুপুরে নগর ভবনে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরের সমস্যা নিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককের সঙ্গে বৈঠক করেন ইশরাক।
পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুততম সময়ে ভেঙে পড়া সেবা কাঠামো সচল করা হবে। ডেঙ্গু ও জলাবন্ধতা নিয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
তিনি জানান, নগরের বিভিন্ন স্থানে রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
এসময় সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট তার ব্যক্তিগত মতামত। তিনি আরও বলেন, দল মনোনয়ন দিলে এবং দলীয় সিদ্ধান্ত হলে তবেই তিনি নির্বাচনে অংশ নেবেন। তিনি বর্তমানে জাতীয়তাবাদী দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের অস্বাভাবিক ভোটপ্রাপ্তির অভিযোগও তোলেন ইশরাক বলেন, তার আসনে অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ তিন হাজার ভোট পেয়েছিল। কিন্তু এবার তাদের প্রাপ্ত ভোট কল্পনার বাইরে। এ বিষয়ে ভোটার তালিকা যাচাইয়ের দাবি জানিয়ে তিনি বলেন, ভোটার তালিকায় কোনো অনিয়ম বা ডুপ্লিকেশন রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা সংশোধনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন ইশরাক হোসেন।
২০২০ সালের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ইশরাক হোসেন অংশ নিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে ঢাকার নাগরিক সমস্যা নিয়ে কাজ করছেন। ঢাকা-৬ আসন থেকে তিনি এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আব্দুল্লাহ
৩ মাস আগেধৈর্য্যহীন, ভদ্রতাজ্ঞানহীন লোক সিটি মেয়র হিসেবে নমিনেশন দেওয়া অনুচিত।
মানুষ মাফিয়া-গুন্ডা চায়না।