চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটায় অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড কারখানায় সংঘবদ্ধ হামলা, লুটপাটের চেষ্টা ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমরুল কাদের ভূঁইয়া জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সীতাকুণ্ড থানাধীন কারখানার দক্ষিণ পাশ দিয়ে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল লুটপাটের উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী, আনসার সদস্য ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে তাদের প্রতিহত করার চেষ্টা করেন। প্রাথমিক প্রতিরোধের মুখে হামলাকারীরা দক্ষিণ পাশ থেকে সরে গিয়ে পাশ্ববর্তী রেললাইনের দিকে অবস্থান নেয়। পরবর্তীতে সেখান থেকে পাথর নিক্ষেপ করতে করতে তারা কারখানার প্রধান ফটকের দিকে এগিয়ে আসে এবং নিরাপত্তা গেইট, অফিস কক্ষসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় কারখানার কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুললে অন্তত ৩ থেকে ৪ জন কর্মচারী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গ্রামবাসীর সহায়তা কামনা করা হলে তারাও এগিয়ে এসে হামলাকারীদের প্রতিরোধে অংশ নেন। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়।
কারখানা কর্তৃপক্ষ জানায়, এর আগেও একই চক্র প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডে হামলা-ভাঙচুর: ১০ জনের বিরুদ্ধে মামলা
আব্দুল্লাহ আল ফারুক, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলারজমিন
৩ মাস আগে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬, ৬ঃ৪৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
