শরীর নিয়ে যা বললেন রোনালদোর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ

শরীর নিয়ে যা বললেন রোনালদোর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ

ফন্ট সাইজ:

বিয়ের আর মাত্র কয়েক দিন বাকি। এমন সময় সাদা বিকিনিতে নিজের ছবি প্রকাশ করে বডি শেমিংয়ের বিরুদ্ধে শক্ত বার্তা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। ৩২ বছর বয়সী জর্জিনা মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের শরীর নিয়ে কটূক্তির জবাব দেন। তিনি বলেন, নারীর শরীর সময়ের সঙ্গে বদলাবে- এটাই স্বাভাবিক। আর সেই পরিবর্তনকে তিনি গর্বের সঙ্গে গ্রহণ করেন। ছয় সন্তানের মা জর্জিনা লিখেছেন, আমার শরীর বদলাবে, যেমন সব নারীর শরীরই বদলায়। আমি চাই এটি আরও বহু বছর বদলাতে থাকুক। কারণ তার মানে আমি এখনো বেঁচে আছি। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

জর্জিনা আরও বলেন, আমি ছয়জন অসাধারণ সন্তানের মা। তাদের মধ্যে তিনজন মেয়ে, যারা একদিন শক্তিশালী নারী হয়ে উঠবে। আমি চাই তারা শিখুকÑ একজন মানুষের মূল্য কখনোই তার চেহারা বা অপরিচিত মানুষের মতামতের ওপর নির্ভর করে না। জর্জিনা জানান, সাম্প্রতিক সময়ে বোটে তোলা তার কিছু ছবি নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য হয়েছে। কেউ তার শরীর নিয়ে সমালোচনা করেছেন, আবার কেউ তার পক্ষেও দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, আমি ক্রিসের (রোনালদো) সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তাকে বলেছি, এখন মানুষ আমাকে মোটা বলছে, বিষয়টি আমাকে ভাবাচ্ছে। কারণ আমার পেশার সঙ্গে আমার চেহারা জড়িয়ে আছে।

জর্জিনার ভাষ্য অনুযায়ী, রোনালদো তাকে জবাবে বলেন, তুমি তোমার চেহারার জন্য বাঁচো না। তুমি বেঁচে আছো তুমি কে, তার জন্য। তুমি একজন পরিপূর্ণ নারী- সুন্দর, দারুণ শারীরিক গঠনের অধিকারী। একজন মা, ভালো মানুষ, সফল এবং ভালোবাসা দিয়ে জীবন কাটাও। এর চেয়ে বেশি আর কী চাই?

রোনালদোর এই কথাই তাকে মনে করিয়ে দিয়েছে যে মানুষের প্রকৃত মূল্য বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং ব্যক্তিত্ব ও জীবনবোধে। জর্জিনা আরও লিখেছেন, আমি আমার শরীরের কার্ভ ভালোবাসি। আমি সেই স্বাধীনতাকে ভালোবাসি, যেখানে আমি আমার নিজের শরীরকে নিজের মতো করে গ্রহণ করতে পারি। এই শরীর আমাকে জীবন সৃষ্টি করতে দিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছে। এই শরীর সব অবস্থাতেই সম্মান, ভালোবাসা এবং কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য।

তার মতে, সত্যিকারের সাফল্য কোনো অজানা সৌন্দর্যের মানদণ্ডে নিজেকে মানিয়ে নেয়ার মধ্যে নয়। সত্যিকারের সাফল্য হলো শান্তিতে বেঁচে থাকা, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, নিজের স্বাস্থ্যের যত্ন নেয়া, হাসতে পারা, নতুন কিছু শেখা এবং জীবনকে উপভোগ করা। এই বার্তার সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশযাপনের একগুচ্ছ ছবিও শেয়ার করেন জর্জিনা। ছবিগুলোতে তাকে ব্যক্তিগত জেটে ভ্রমণ এবং বিভিন্ন খাবার উপভোগ করতে দেখা যায়।
বিয়ের অপেক্ষায় রোনালদো-জর্জিনা: খবরে বলা হয়েছে, ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এবং জর্জিনা চলতি সপ্তাহেই পর্তুগালের ফুনচাল ক্যাথেড্রালে বিয়ে করতে যাচ্ছেন। এরপর অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে পাঁচ তারকা সাভয় প্যালেস হোটেলে। সম্প্রতি তারা রোনালদোর ১৬ বছর বয়সী ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে নিয়ে সমুদ্রসৈকতে সময় কাটান। সেই সফরের ছবিও জর্জিনা ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। রোনালদো ও জর্জিনার ঘরে দুই মেয়ে আলানা ও বেলা রয়েছে। এছাড়া সারোগেসির মাধ্যমে জন্ম নেয়া যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেও-কেও তারা একসঙ্গে বড় করছেন। বেলা জন্মের সময় তার যমজ ভাই অ্যাঞ্জেলও জন্মেছিল। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।

দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফুনচাল ক্যাথেড্রালে সাধারণত বিকেল ৩টার পর বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিরা চারটি রেস্তোরাঁ-সমৃদ্ধ বিলাসবহুল সাভয় প্যালেস হোটেলে সংবর্ধনায় অংশ নেন। একটি সূত্র জানিয়েছে, হোটেলের অতিথিদের জানানো হয়েছে যে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং কয়েকটি বার সাময়িকভাবে সাধারণ অতিথিদের জন্য বন্ধ থাকবে।

ফুনচালই রোনালদোর জন্মস্থান। সেখানে তার সম্মানে একটি ব্রোঞ্জের ভাস্কর্য রয়েছে এবং তার নামে একটি হোটেলও প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে রোনালদোর সম্পদের পরিমাণ ১২০ থেকে ১৪০ কোটি ডলারের মধ্যে হলেও, নিজের জন্মশহরে ফিরে বিয়ে করার সিদ্ধান্ত তার জন্য আবেগঘন। কারণ, শৈশবে তিনি দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন এবং ভাইবোনদের সঙ্গে একই কক্ষে থাকতেন। মাত্র ১১ বছর বয়সে তিনি স্পোর্টিং লিসবনে যোগ দেয়ার জন্য বাড়ি ছেড়েছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন