প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার ভোরে রাজধানীর ঢাকার মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তাকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট পরিদর্শক শহিদুল ইসলাম।
এদিকে আদালতে নেওয়ার পথে প্রাঙ্গণ চত্বরে আসামির ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় তারা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে নানা ধরনের স্লোগান দেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। তীব্র প্রতিক্রিয়ার মুখে তিনি পরবর্তীতে পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করলেও তার আগেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে দল থেকেও অব্যাহতি দেওয়া হয়।
পরবর্তীতে গত ২ আগস্ট রোববার বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ২৯ জুলাই আসামির ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা ওই মানহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্যটি তিনি দেখতে পান। বিষয়টি নিয়ে দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়ায় আনা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
