সুদানের দারফুরে সেনাবাহিনীর ড্রোন হামলায় ৩৫ জনের মৃত্যু

সুদানের দারফুরে সেনাবাহিনীর ড্রোন হামলায় ৩৫ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

সুদানের দারফুরে সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় এক প্রথাগত আদালতের ওপর দেশটির সেনাবাহিনী এই হামলা চালায়। মানবাধিকার সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’-এর বরাতে এএফপি জানিয়েছে, রোববার উত্তর দারফুর রাজ্যের গাররা আল-জাওয়ায়া গ্রামের একটি আদালতে বেলা ১টার দিকে এই ড্রোন হামলা চালানো হয়।

সংস্থাটি জানায়, ঘটনার সময় স্থানীয় অধিবাসীরা প্রথাগত উপায়ে আঞ্চলিক বিরোধ মেটানোর জন্য আদালতে উপস্থিত হয়েছিলেন। এলাকাটি প্যারামিলিটারি গোষ্ঠী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, একটি গাছের নিচে প্রথাগত গোত্রপতিদের উপস্থিতিতে বিচারকাজ চলার সময় এই হামলা হয়। নিহতদের মধ্যে ৪ জন গোত্রপ্রধান এবং ২ জন আরএসএফ কমান্ডার রয়েছেন বলে জানা গেছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানি সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে শুরু হওয়া এই গৃহযুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত বছর উত্তর দারফুরের কেন্দ্রস্থল আল-ফাশির দখলের পর আরএসএফ অঞ্চলটিতে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সম্প্রতি দুই পক্ষই ড্রোন হামলার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। কেবল এ বছরের প্রথম পাঁচ মাসেই ড্রোন হামলায় এক হাজারের বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। চলমান এই যুদ্ধ বিশ্বজুড়ে এক বিশাল মানবিক বিপর্যয় ও উদ্বাস্তু সংকট তৈরি করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন