সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের অভিযোগে  জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার গভীর রাতে সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি রুজু করা হয়। মামলার বাদি লক্ষণশ্রী ইউনিয়নের রাবারবাড়ি গ্রামের মো.নিজাম উদ্দিন।

গত ৩১ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের চেকনিখাড়া ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে। এ ঘটনায় রোববার রাত ১২টার দিকে মামলা করা হয়।

এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখ্ত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সভাপতি দীপঙ্কর কান্তি দে-সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের ৪৮ জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে  আসামি করা হয়েছে। 

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি সন্ত্রাস বিরোধী আইন-এর বিভিন্ন ধারায় নথিভুক্ত করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন