ভারতের আসাম রাজ্যে এক ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এতে অভিযুক্ত ১৭ থেকে ১৯ বছর বয়সী ৩ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে আসামের হাইলাকান্দি জেলার আলইছড়া এলাকায় জাতীয় সড়ক-৬ এর পাশের একটি ঘর থেকে ওই কিশোরীর বিকৃত লাশ উদ্ধার করা হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
পুলিশ ও তদন্তকারী কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ধৃত অভিযুক্তদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হলেও ঘটনার ভয়াবহতা ও নৃশংসতার গুরুত্ব বিবেচনায় তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করার আবেদন জানিয়েছে পুলিশ। হাইলাকান্দির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) অমিতাভ সিনহা জানান, আসাম পুলিশ মামলাটির তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা ভিকটিমের পূর্বপরিচিত ছিল এবং তাদের মধ্যে যোগাযোগ ছিল।
ঘটনার বিবরণ দিতে গিয়ে নিহতের মা জানান, শনিবার রাতে পাশের এক আত্মীয়ের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। রাত সাড়ে ১০টার দিকে ঝগড়া করে কিশোরী একাই বাড়ি ফিরে আসে। কয়েক ঘন্টা পর স্বজনরা বাড়ি ফিরে এসে মেঝেতে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। অপরাধীরা ধারালো ও ভোঁতা জিনিসপত্র ব্যবহার করে কিশোরীর শরীরে অমানুষিক নির্যাতন চালায় বলে অভিযোগ পরিবারের। ঘটনাটি জানাজানি হওয়ার পর আসামের বরাক উপত্যকা ও হাইলাকান্দিতে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানান।
