ছোট ও বড়পর্দার অভিনেত্রী রিনা রহমান আর নেই। গতকাল সোমবার রাত ৯টায় তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ করে নাট্যঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এক বার্তার মাধ্যমে দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ তথ্যটি নিশ্চিত করেছে। সংগঠনটির পক্ষ থেকে প্রয়াত এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতা সত্ত্বেও তিনি নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি কাজে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন এই জ্যেষ্ঠ অভিনয়শিল্পী। মৃত্যুর আগপর্যন্ত তিনি দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’য় অভিনয় করছিলেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে টেলিভিশন নাটক, সিনেমা ও মঞ্চে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন রিনা রহমান।
তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঘানি’ (২০০৬), ‘ঠিকানা’ (১৯৯৪) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।

Mohammad Ali Rifae
১ ঘন্টা আগেইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ জান্নাত নসিব করুন। আমিন।