মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ -এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম শুরু হয়। প্রথমে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করছে। এরপর আসামিপক্ষ পর্যায়ক্রমে তাদের আইনি যুক্তি তুলে ধরবে।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলার বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র ও আলামত উপস্থাপনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণের চেষ্টা করা হবে। অন্যদিকে, আসামিপক্ষও তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখতে পারেন অথবা প্রয়োজনে পরবর্তী আদেশ দিতে পারেন।
এর আগে গত ২রা আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষ্য উপস্থাপন সম্পন্ন করে। পরে যুক্তিতর্কের জন্য ৪ঠা আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। মামলার সব আসামিই বর্তমানে পলাতক।
এদিকে, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড (ক্রসফায়ার) সংক্রান্ত অভিযোগে দায়ের করা পৃথক দুই মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদকে আগামী ১০ই আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই দিন দুই আসামিকে আদালতে উপস্থিত করতে বলা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলা
ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুরু
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
৪ আগস্ট (মঙ্গলবার), ২০২৬, ১২ঃ৪৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
