সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে । এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেল স্টেশন মাষ্টার মনিরুজ্জামান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। এসময় মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতিরোধ করা হয়। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার মানবজমিনকে বলেন, সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে পুরো উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে কিছু সময় লাগবে।
