গ্রিসে ভয়াবহ দাবানল নেভানোর সময় আকাশে দু’টি অগ্নিনির্বাপণ হেলিকপ্টারের সংঘর্ষে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন- একজন ডেনিশ পাইলট এবং গ্রিসের ফায়ার সার্ভিসের একজন লিয়াজোঁ কর্মকর্তা। তবে অন্য হেলিকপ্টারে থাকা একজন বৃটিশ পাইলট ও একজন গ্রিক সমন্বয়কারী প্রাণে বেঁচে গেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে সংঘটিত এ দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, দু’টি বেল হেলিকপ্টারের একটি অপরটির রোটর ব্লেডে আঘাত করে। এরপর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি একটি খাদে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়। গ্রিসের বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে।
এ কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের মধ্যে ইউরোপের আরও কয়েকটি দেশেও ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে, অস্ট্রেলিয়ার ম্যাকডারমট এভিয়েশন কোম্পানির কাছ থেকে ইজারা নেয়া দু’টি বেল হেলিকপ্টার রোববার অ্যাটিকা-বোয়োশিয়া সীমান্তে জ্বলতে থাকা একটি বড় দাবানল নিয়ন্ত্রণের অভিযানে অংশ নেয়। এ সময় পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একটি হেলিকপ্টারের ক্রুরা জীবিত উদ্ধার হলেও অপর হেলিকপ্টারের দুই আরোহীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
গ্রিসের সিভিল প্রটেকশন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, নিরাপত্তা প্রটোকল অনুযায়ী দুর্ঘটনার পর দেশ জুড়ে পরিচালিত সব বেল হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সূত্রটি আরও জানায়, সংঘর্ষে জড়িত দ্বিতীয় বেল হেলিকপ্টারটি কম ঘনত্বের গাছপালাযুক্ত এলাকায় জরুরি অবতরণ করে। তবে ওই হেলিকপ্টারগুলোতে থাকা চার ক্রু সদস্যের কারও নাম প্রকাশ করা হয়নি।
