চলমান এইচএসসি পরীক্ষায় টিঅ্যান্ডটি কলেজ, মতিঝিলে ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের পরীক্ষার্থীরা। গত রোববার বিষয়টি অবহিত করে আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ টিঅ্যান্ডটি কলেজের কেন্দ্র সচিব বরাবর আবেদন করেন। এতে ১০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এতে বলা হয়, গত ৩০শে জুন এইচএসসি মনোবিজ্ঞান ১ম পত্র (তত্ত্বীয়, বিষয় কোড ১২৩) পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়। ওই পরীক্ষায় শিক্ষার্থীদের এমসিকিউ অংশে ২নং সেট ‘যমুনা’ এবং সৃজনশীল অংশে ২নং সেট ‘যমুনা’ প্রদান করা হয়।
কিন্তু পরবর্তীতে জানা যায়, দেশের অন্যান্য পরীক্ষা কেন্দ্রে এমসিকিউ’র জন্য ২নং সেট ‘যমুনা’ এবং সৃজনশীলের জন্য ‘নাফ’ সরবরাহ করা হয়েছে। ফলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা ভিন্ন প্রশ্নপত্রে সৃজনশীল পরীক্ষা দিয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ বলেন, আমার জানার পরই টিঅ্যান্ডটি কলেজের সঙ্গে যোাগাযোগ করেছি। তারা বিষয়টি আমলে নিয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানান। এ বিষয়ে জানতে টিঅ্যান্ডটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নুর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে আমরা অবগত। সরবরাহ করা প্রশ্নের আলোকেই খাতা মূল্যায়ন করা হবে। পরীক্ষার্থীদের এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ভুল প্রশ্ন সরবরাহ করা অপরাধ হয়েছে কিনা- এই প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখবো।
