সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএই আদালত বেনজীর আহমেদকে এমন শর্তে জামিন দিয়েছেন, যাতে তিনি দেশটি ত্যাগ করতে না পারেন। বিষয়টি জানার পর সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। আমাদের সচিব মহোদয় ইউএইর রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। কী কী শর্তে তাকে জামিন দেয়া হয়েছে, তার সার্টিফাইড কপি তোলার জন্য আমাদের ল' ফার্মকে নির্দেশ দিয়েছি। একই সঙ্গে তার জামিন বাতিলের জন্য পিটিশন দিতে বলেছি। কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে- সেটা আমাদের সন্দেহ।
