পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

ফন্ট সাইজ:

পাবনার ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরির চেষ্টা করতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এর আগে অভিযুক্তের ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তার দুই ছেলে আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক হোসেন ওরফে সুমন (৩২) একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা গ্রামের মৃত বয়েন মণ্ডলের ছেলে। আহত দোকান মালিক হাবিবুল মণ্ডল জানান, গভীর রাতে মানিক তার মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। এসময় দোকানের পাশেই বাড়ি হওয়ায় শব্দ পেয়ে তিনি বাইরে বের হয়ে তাকে আটকানোর চেষ্টা করলে অভিযুক্ত তার সঙ্গে থাকা একটি ধারালো কুড়াল দিয়ে হাতে ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। পরে চিৎকার শুনে দুই ছেলে এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। এ সময় স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মানিককের মৃত্যু হয়। আহত হাবিবুল মণ্ডল ও তার দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন