ফরাসি ক্লাব ছেড়ে চেলসিতে আর্জেন্টিনার তরুণ প্রতিভা বার্কো

ফরাসি ক্লাব ছেড়ে চেলসিতে আর্জেন্টিনার তরুণ প্রতিভা বার্কো

ফন্ট সাইজ:

নতুন মৌসুমের আগে দল গুছিয়ে নিতে ব্যস্ত ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব চেলসি। এবার ফ্রান্সের ক্লাব স্ট্রাসবুর্গ থেকে আর্জেন্টিনার তরুণ তুর্কি ভ্যালেন্টিন বারকোকে দলে ভেড়ালো ব্লুজরা। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২২ বছর বয়সী এই উদীয়মান ফুটবলারকে ৭ বছরের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসা হলো। প্রিমিয়ার লীগের নতুন মৌসুম শুরুর আগে প্রি-সিজনের অনুশীলনে যোগ দেবেন বারকো।

সম্প্রতি ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটান এই ভার্সেটাইল মিডফিল্ডার। ক্লাব ফুটবলে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদেই তিনি আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা করেন এবং এবারের বিশ্বকাপেও অংশ নেন। যদিও দলের সাফল্যে বারকোর ভূমিকা ছিল সীমিত। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মাথায় জুড বেলিংহ্যামের থাপ্পড় খেয়ে বেশ আলোচিত হন তিনি।

চেলসিতে যোগ দেয়ার বিষয়ে ক্লাবটির আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘স্ট্রাসবুর্গ থেকে আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবলার ভ্যালেন্টিন বারকোকে দলে ভেড়াতে পেরে চেলসি ফুটবল ক্লাব অত্যন্ত আনন্দিত। বহুমুখী প্রতিভার অধিকারী এই মিডফিল্ডার ২০৩৩ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছেন এবং প্রি-সিজনের পরবর্তী সময়ে কোচ জাবি আলোনসো ও নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।’

আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে ক্যারিয়ার শুরু করা বারকো মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে পা রাখেন। এরপর ২০২৪ সালে ইংল্যান্ডের ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে যোগ দেন। সেভিয়া ও স্ট্রাসবুর্গের হয়ে বিভিন্ন ধাপে খেলার পর তিনি স্থায়ীভাবে ফরাসি ক্লাবটিতে যোগ দেন। গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দলকে জায়গা করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

এবারের গ্রীষ্মকালীন দলবদলে নতুন ম্যানেজার জাবি আলোনসোর অধীনে বেশ বড়সড় রদবদল আনছে চেলসি। এর আগে অ্যাস্টন ভিলা থেকে ১১ কোটি ৭০ লাখ পাউন্ডের রেকর্ড মূল্যে মরগান রজার্স এবং ইতালির ক্লাব আতালান্তা থেকে মার্কো পালেস্ত্রাকে দলে ভেড়ায় তারা। এছাড়াও ম্যাকসেন্স লাক্রোয়া, জিওভানি কুয়েন্দা ও অভিজ্ঞ ড্যানি ওয়েলব্যাকের মতো খেলোয়াড়দের স্টামফোর্ড ব্রিজে নিয়ে আসা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন