সংবর্ধনা পেতে হোয়াইট হাউসে যাচ্ছে মেসিরা

সংবর্ধনা পেতে হোয়াইট হাউসে যাচ্ছে মেসিরা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছে। ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে আগামী ৫ই মার্চ ওয়াশিংটনে হবে সংবর্ধনা অনুষ্ঠান। এমএলএসে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের দু’দিন আগে এটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমএলএস কাপ ফাইনালে গত ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে মায়ামি। তারই অংশ হিসেবে হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছে হাভিয়ের মাসচেরানোর দল। যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউস সফর একটি দীর্ঘদিনের ঐতিহ্য। দেশটির বিভিন্ন ক্রীড়া লীগের চ্যাম্পিয়ন দলগুলো নিয়মিতভাবেই রাজধানীতে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে। একই প্রথা বজায় রয়েছে এমএলএস চ্যাম্পিয়নদের মধ্যেও। সবশেষ ২০২৪-এ হোয়াইট হাউস সফর করে ২০২৩-এর চ্যাম্পিয়ন কলোম্বাস ক্রু।

মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জন্য এটি হোয়াইট হাউসের সম্ভাব্য প্রথম সফর। এর আগে গত বছরের জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ গ্রহণের আমন্ত্রণ পান ৩৮ বছর বয়সী মেসি। তবে পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। শেষ পর্যন্ত এবারের সংবর্ধনা অনুষ্ঠানে মায়ামির বিশ্বকাপজয়ী অধিনায়ক থাকতে পারবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিয়তা পাওয়া যায়নি নয়। নিজস্ব প্রতিনিধি বা ক্লাব আনুষ্ঠানিকভাবে তার উপস্থিতির বিষয়টি আলাদাভাবে নিশ্চিত করেনি। তবে মায়ামি হেরাল্ডকে একটি সূত্র জানিয়েছে, পুরো দলই এ সফরে অংশ নেবে।

২০২৪-এর নির্বাচনে পুনরায় জয়ী হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকেই ফুটবলের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে ট্রাম্পকে। ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে তো নেতৃত্ব দেন একেবারে সামনে থেকেই। এর আগে ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় মেসির চিরপ্রতিদ্বন্দ্বী, পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও সাক্ষাৎ করেন ট্রাম্প।

সম্প্রতি অলিম্পিকে স্বর্ণপদকজয়ী মার্কিন পুরুষ হকি দলও প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউস সফরে যায়। তখন ট্রাম্পের করা মন্তব্যের জের ধরে ইতিমধ্যে দেশজুড়ে বিতর্ক চলমান। এমন পরিস্থিতির মধ্যেই সেখানে সম্ভাব্য সফরে যাচ্ছে মেসিবাহিনী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন