‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমানের বিরুদ্ধে প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দুদকের করা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি. এম. তারিকুল কবীর এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম।
সোমবার মতিউর রহমানকে আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। বিচারক তাকে দোষ স্বীকার করেন কি না জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে আদালত অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর নির্দেশ দেন। শুনানি শেষে আসামির পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া ও মো. বোরহান উদ্দিন জামিন আবেদন করেন। তবে দুদকের প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করলে আদালত আবেদনটি নাকচ করে দেন।
এর আগে গত ৫ জুলাই দুদকের পক্ষ থেকে মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়। ওই দিন উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য ২১ জুলাই দিন নির্ধারণ করেছিলেন। পরে তা পিছিয়ে সোমবার আদেশ দেয়া হয়।
এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক মামলা দায়ের করে। মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। এতে বলা হয়, মো. মতিউর রহমানের দাখিল করা সম্পদ বিবরণীতে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ তথ্য দিয়ে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
