নির্বাসনে থাকা বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, কোনো মাদ্রাসাই থাকা উচিত নয়। মাদ্রাসা শুধুই জিহাদি তৈরি করে। সব মাদ্রাসাকে ‘সেক্যুলার স্কুলে’ পরিণত করা উচিত। প্রায় ১৯ বছর পর কলকাতায় ফিরে তিনি এসব কথা বলেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এ সময় তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল নিয়ে কথা বলেন।
তসলিমা বলেন- শেখ হাসিনাকে তার দেশে ফিরতে দেয়া উচিত এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া উচিত। এ সময় শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেয়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতকে তিনি ভুল বলে আখ্যায়িত করে বলেন, এটা ছিল গণতন্ত্রবিরোধী। তার দলকে নিষিদ্ধ করাকে তিনি অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করেন।
এ সময়ই তিনি কট্টর ইসলামপন্থিদের কড়া সমালোচনা করেন। ১৯ বছর পর কলকাতায় তাকে আমন্ত্রণ জানানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। বলেন- পশ্চিমবঙ্গে অবস্থানকালে আমাকে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে নিশ্চয়তা দিয়েছে নবনির্বাচিত সরকার। এ জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। এর আগের দিন শনিবার পশ্চিমবঙ্গের প্রথম সারির কবি জয় গোস্বামী সংবর্ধনা অনুষ্ঠানে দর্শকদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন। তসলিমা নাসরিনের বক্তব্যে বিঘ্ন ঘটায় এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পশ্চিমবঙ্গে তার প্রত্যাবর্তন উপলক্ষে এক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে।
