ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির খণ্ডিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির খণ্ডিত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিখোঁজের ১০ দিন পর রাকিব রায়হান তালুকদার (৪০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তা থেকে টুকরো টুকরো অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। গতকাল বিকালে এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকার নিহতের বাড়ির পাশে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাকিব রায়হান তালুকদার ওই গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাকিব রায়হান তালুকদার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে কাস্টমসে নিরাপত্তা শাখার সিপাহি হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাড়িতে আসতেন এবং শনিবার কর্মস্থলে চলে যেতেন।

এরই মাঝে গত ২৪শে জুলাই ৫টা বেজে ২০ মিনিটের মাঝে নিজ ঘর থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর আত্মীয়স্বজন ও কর্মস্থলে যোগাযোগ করেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের তিনদিন পর ২৭শে জুলাই তার বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
সূত্র জানায়, ঘটনার পর থেকে রাকিব রায়হানের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা রহস্যজনকভাবে পলাতক রয়েছে। এর মাঝে উপজেলার অনন্তপুর বাজুয়া নদী এলাকা থেকে রায়হান তালুকদারের ব্যবহৃত মোটরসাইকেলের চাবির ছড়া উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের দাবি, কেয়ারটেকার রাজু মির্জা টাঙ্গাইলের এক দালালের মাধ্যমে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছে, পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে তার পাসপোর্টটি যাতে শিগগিরই জব্দ করা হয়।
সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শুভ্র সাহা বলেন, ঘটনার পর থেকে রাকিব রায়হানের বাড়ির কেয়ারটেকার পলাতক। তার সঙ্গে অজ্ঞাত আরও ৩-৪ জন পলাতক রয়েছে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, মরদেহ টুকরা টুকরা করে তার ব্যবহৃত তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়া হয়। গতকাল দুপুরের দিকে স্থানীয়রা পুকুরে বস্তা দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টুকরো টুকরো মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, কেন এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন