চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে হত্যা ও অস্ত্র উদ্ধারের পৃথক দু’টি মামলায় মোট ১০ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। একইসঙ্গে হাটহাজারীর একটি চাঁদাবাজির মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুতাসিম বিল্লাহ ফটিকছড়ি থানার করা রিমান্ড আবেদন শুনানি শেষে হত্যা মামলায় পাঁচদিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (মিডিয়া) কাজী মোহাম্মদ তারেক আজিজ।
তিনি জানান, ফটিকছড়ির জামাল হত্যা মামলা এবং সমপ্রতি অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় ইমনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
একই অস্ত্র মামলায় ইমনের সহযোগী মো. ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, শামীমসহ আরও চারজনেরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এদিকে হাটহাজারীর বড়দীঘির পাড় এলাকায় ব্যবসায়ী জসীম উদ্দীনের নির্মাণাধীন ভবনে হামলা, ভাঙচুর এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায়ও ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম। রিমান্ড শুনানিকে ঘিরে সকাল থেকেই আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ইমনকে আদালতে হাজির করা হয়।
