নাটোরের লালপুরে চিঠির মাধ্যমে একটি পাড়ার কয়েকটি পরিবারের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছে সেভেন স্টার কর্তৃপক্ষ। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। গতকাল ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং স্থানীয় রাজনৈতিক নেতারা আতঙ্কিত পরিবারের পাশে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে।
শনিবার রাতে উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই (পালপাড়া) গ্রামের নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় অজ্ঞাত ব্যক্তিরা একটি হুমকিপত্র রেখে যায়। রাত ১১টার দিকে নারায়ণের ছেলে অরুণ কুমার পাল চিঠিটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে খবরটি পুরো পালপাড়ায় ছড়িয়ে পড়লে পরিবারগুলোর মধ্যে আতঙ্ক দেখা দেয়। চিঠিতে পালপাড়ার প্রতিটি পরিবারকে বিকাশের মাধ্যমে একটি নির্দিষ্ট নম্বরে ২০ হাজার টাকা করে পাঠানোর নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে বিষয়টি কাউকে না জানানোর হুমকি ও ২৪ ঘণ্টার মধ্যে টাকা পরিশোধ না করলে পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর তা অন্য পরিবারগুলোর কাছে পৌঁছে দেয়ার নির্দেশনাও দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণ কুমার পাল মানবজমিনকে জানান, বর্তমানে তারা আতঙ্কের মধ্যে আছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে চিঠিটির উৎস অনুসন্ধান করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে। একইসঙ্গে এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
