ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো অবশেষে তার দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। শৈশবের স্মৃতিবিজড়িত দ্বীপ মাদেইরাতেই এই জুটির রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, দ্বীপটির রাজধানী ফুঞ্চালের একটি বিখ্যাত গির্জায় আগামী শনিবারের এক জমকালো বিয়ের জন্য বুক করা হয়েছে। প্রথা অনুযায়ী, বিয়ের অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় বিকাল ৩টায়। পর্তুগিজ সুপারস্টার রোনালদো (৪১) ফুঞ্চালেই জন্ম নিয়েছেন এবং বড় হয়েছেন।
তার হবু স্ত্রী স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনা (৩২)। বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য গির্জার নিকটবর্তী পাঁচ তারকা হোটেল ‘সাভয় প্যালেস’ সম্পূর্ণ প্রস্তুত রেখেছেন তারা। হোটেলের একটি সূত্র ‘দ্য সান’কে বলেছে ‘আগামী শুক্র ও শনিবার হোটেলের দুটি তলা এবং বেশ কয়েকটি বার এলাকা সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।’ গত মাসে বিশ্বকাপ মিশন শেষে এই জুটির বিয়ের গুঞ্জন জোরালো হয়।
এর আগে গত আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। সমপ্রতি মায়োর্কার একটি প্রমোদতরীতে তাদের হাতে হীরা খচিত আংটি দেখা যায়। উল্লেখ্য, স্পেনের কাছে পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই তাদের বিয়ের এই পরিকল্পনা সামনে আসে। এর আগে সাংবাদিক পিয়ার্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি আশা করি চ্যাম্পিয়নদের ট্রফি হাতেই বিয়ের পিঁড়িতে বসতে পারবো।’ জর্জিনাকে নিয়ে তিনি আরও জানান, জর্জিনাই একমাত্র নারী যার সঙ্গে তিনি থিতু হতে চেয়েছেন এবং জীবন ভাগ করে নিতে চেয়েছেন। ফুটবল মাঠের রেকর্ড ভাঙা এই গোলমেশিন এবার ব্যক্তিগত জীবনের অন্যতম বড় অধ্যায়ে পা রাখতে চলেছেন তার নিজের জন্মভূমিতেই।
