নারী এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে, তা আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। অজানা ছিল শুধু সূচি। অবশেষে গতকাল তা-ও জানা গেল। দুই কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে ‘এফ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। জাপানে হতে যাওয়া এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ই সেপ্টেম্বর। সেই ম্যাচে ঋতুপর্ণা চাকমা-মারিয়া মান্দাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। ১৭ ও ২১শে সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে।
২০২৬ নারী এশিয়ান গেমসের সবগুলো ম্যাচ হবে জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে। এ বছর এরই মধ্যে বাংলাদেশ নারী ফুটবল দল দুটি বড় টুর্নামেন্ট খেলেছে। মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের বিপক্ষে খেলে বাংলাদেশ। তিন ম্যাচ মিলিয়ে ১১ গোল হজম করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচেই হার। পারেনি কোনো গোল করতে। পরে বাংলাদেশ খেলতে গিয়েছিল ভারতে। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও রানার্সআপ হয় ঋতুপর্ণা-মারিয়ারা। ২০২২ ও ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতলেও হ্যাটট্রিক আর করা হলো না বাংলাদেশের।
ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ষষ্ঠবারের মতো নারী সাফ জিতে নেয় ভারত। এবারের নারী এশিয়ান গেমস ফুটবলে অংশ নেবে ১২টি দল। প্রত্যেক গ্রুপে রয়েছে চারটি করে দল। ভাগ করা হয়েছে তিন গ্রুপে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল তো যাবেই, পাশাপাশি সেরা তৃতীয় দুই দল যোগ হচ্ছে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
