ইসরাইলজুড়ে সাইরেন বাজানো হয়েছে

ইসরাইলজুড়ে সাইরেন বাজানো হয়েছে

ফন্ট সাইজ:

ইরানে হামলা চালানোর পর পরই ইসরাইলজুড়ে সাইরেন বাজানো হয়েছে। বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হুগো বাশেগা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ১৫ মিনিটে ইসরাইলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শুরু করে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির বিষয়ে মানুষকে সতর্ক করতেই এই সাইরেন বাজানো হয়। ইসরাইল ইরানে এই হামলা এমন এক সময়ে করেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং যুদ্ধ এড়ানোর লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চলছিল। আগামী সপ্তাহে আলোচনার পরবর্তী ধাপ চালিয়ে যায়ার কথা ছিল। আলোচনায় ইরান কিছু ছাড় দিয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে ইরানের নেতাদের চুক্তিতে রাজি করাতে হামলার হুমকি দিয়েছিলেন।

শুক্রবার তিনি বলেছেন, আলোচনার অগ্রগতিতে তিনি ‘খুব সন্তুষ্ট নন’। ইসরাইলের প্রাথমিক হামলায় মার্কিন সেনাবাহিনী জড়িত কি না এবং হামলার লক্ষ্যবস্তু কী, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ট্রাম্প ২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরাক আক্রমণের পর থেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক সমাবেশের নির্দেশ দিয়েছেন। তবে এখন সামরিক পদক্ষেপ নেয়ার প্রয়োজন কেন হতে পারে, সে বিষয়ে তিনি খুব কম ব্যাখ্যা দিয়েছেন। অন্যদিকে, ইরান ঘোষণা করেছে যে কোনো হামলার জবাব তারা শক্তি প্রয়োগের মাধ্যমে দেবে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, এই ‘প্রি-এম্পটিভ হামলা’ ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি দূর করার উদ্দেশ্যে চালানো হয়েছে। গত জুনে ইরানের ওপর হামলা চালায় ইসরাইল। যা ১২ দিনের যুদ্ধে রূপ নেয়। পরে যুক্তরাষ্ট্রও সেই সংঘাতে যোগ দেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।

সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের প্রতি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির বিষয়ে সতর্ক করেন এবং এমন একটি চুক্তির বিরোধিতা প্রকাশ করেন, যা কেবল ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে সীমাবদ্ধ থাকবে। ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমা আরোপ কিংবা ওই অঞ্চলে তাদের মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করার বিষয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া গোষ্ঠী এবং ইয়েমেনের হুতিদের প্রতি সমর্থন বন্ধের দাবিকেও তারা প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি, এসব শর্ত তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন