মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব হবে: হামিদুর রহমান আযাদ

মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব হবে: হামিদুর রহমান আযাদ

ফন্ট সাইজ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, পর্যটন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ব্লু ইকোনমি, জ্বালানি, খনিজ সম্পদ, লবণ শিল্প, কৃষি, মৎস্য, অর্থনৈতিক অঞ্চল ও যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিত করে মিডা প্রণীত দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা গেলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাবে পরিণত হবে। সোমবার কক্সবাজার জেলা জামায়াত আয়োজিত ‘কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের আগে দেয়া সংস্কার, সুশাসন ও জবাবদিহিতার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে সরকার দলীয়করণে ব্যস্ত। নির্বাচনের চার মাস পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। তিনি বর্তমান বাজেটকে ঋণনির্ভর ও অবাস্তব উল্লেখ করে বলেন, এতে মূল্যস্ফীতির চাপ বাড়বে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, কক্সবাজারে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকায় সাগর দূষিত হচ্ছে। অপরিচ্ছন্ন সৈকত, দালাল, হকার, অতিরিক্ত ভাড়া আদায় ও পর্যটন ব্যবস্থাপনার দুর্বলতায় পর্যটকেরা হয়রানির শিকার হচ্ছেন। কুতুবদিয়ার দেড় লাখ মানুষের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মহেশখালী সেতু, কুতুবদিয়ায় ফেরি সার্ভিস চালু এবং গুরুত্বপূর্ণ জেটিগুলোর সংস্কারের দাবি জানান তিনি।

এ ছাড়া কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের যানজট ও দুর্ঘটনা, লবণ সিন্ডিকেট, কৃষকের ন্যায্যমূল্য বঞ্চনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, উপকূলে জলদস্যুতা, অপহরণ, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের বিস্তার এবং প্রায় ১৫ লাখ রোহিঙ্গার চাপকে জেলার উন্নয়নের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
ড. আযাদ অভিযোগ করেন, সোনাদিয়ার প্যারাবন ধ্বংস, পাহাড় নিধন, ভূমি অধিগ্রহণ ও মেগা প্রকল্পে দুর্নীতি কক্সবাজারের টেকসই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি ভূমি প্রশাসন ও স্থানীয় সরকারের সেবা ডিজিটালাইজেশন, প্রশাসনের জবাবদিহিতা বৃদ্ধি, নিয়মিত গণশুনানি, ক্ষতিগ্রস্ত স্থানীয়দের কর্মসংস্থান ও পুনর্বাসন, লবণ সিন্ডিকেট নির্মূল, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, শিক্ষা-স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, সোনাদিয়ার প্যারাবন সংরক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সভায় কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, শহর আমীর আব্দুল্লাহ আর ফারুক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর, জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন