বছর ছয়েক আগেই ‘গুলশানের চামেলি’ নামক একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। নানা কারণে ছবিটির চিত্রনাট্য ও নির্মাণকাজ এগোয়নি। তবে এবার পুরোদমে ছবিটি নির্মাণে নামলেন পরিচালক। তারই ধারাবাহিকতায় গতকাল ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’র জমকালো মহরত অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চলচ্চিত্রটির নির্মাতা, কলাকুশলী এবং আমন্ত্রিত অতিথিরা। এ সময় ছবি নিয়ে সবার মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ।
চলচ্চিত্রটির অন্যতম অভিনেত্রী কলকাতার মধুমিতা সরকার। ঢাকা সফর ও ছবিটিতে কাজ প্রসঙ্গে মানবজমিনকে তিনি বলেন, প্রথমেই বলবো ঢাকায় এসে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে নিজের দেশেই আছি। সবার আতিথেয়তায় আমি মুগ্ধ। আর ছবিটিতে যে চরিত্রে কাজ করছি এমন চরিত্রে আগে কাজ করা হয়নি। চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন এবং চ্যালেঞ্জিং। তাই শুরু থেকেই নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করছি।
আশা করছি, দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন। তিনি আরও জানান, মহরত শেষ করেই শুটিংয়ের কাজ শুরু হবে। পুরো টিম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং ছবিটি দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশাবাদী। ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের মূল চরিত্র একজন যৌনকর্মী; যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। এ চরিত্রটিতেই অভিনয় করছেন মধুমিতা।
এদিকে নির্মাতা মো. ইকবাল জানান, ‘গুলশানের চামেলি’ একটি ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে। গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীতে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।
