প্রাণবন্ত আড্ডায় ‘রইদ’ টিম

প্রাণবন্ত আড্ডায় ‘রইদ’ টিম

ফন্ট সাইজ:

কোরবানি ঈদে মুক্তির পর বেশ প্রশংসিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। এবার চলচ্চিত্রকে ঘিরে আয়োজন করা হলো এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত আড্ডার। শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘বিশ্বসাহিত্য কেন্দ্র প্রাক্তন সদস্য সংঘ’র উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘আড্ডায় রইদ উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠান।

চলচ্চিত্রটির নির্মাণ যাত্রা, নেপথ্যের গল্প, চরিত্র নির্মাণ এবং দর্শকের নানা প্রশ্নের উত্তর নিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন- চলচ্চিত্র নির্মাতা ও অধ্যাপক জাকির হোসেন রাজু এবং ‘কাট টু সিনেমা’র সম্পাদক বিধান রিবেরু। তারা চলচ্চিত্রটির ভাষা, নির্মাণশৈলী ও দার্শনিক দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অভিনেত্রী নাজিফা তুষি বলেন, ব্যক্তিজীবনে আমি বেশ নার্ভাস স্বভাবের। তাই বেশি কথা বলার চেয়ে সবার কথা শুনতেই এসেছি। দর্শকের প্রশ্নের জবাবে ‘পাগলি’ চরিত্র নিয়ে তিনি বলেন, শুরুতে এটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে গ্রামের পরিবেশে দীর্ঘ সময় কাটিয়ে ধীরে ধীরে চরিত্রটির মনস্তত্ত্ব বুঝতে পেরেছি।

পাগলি শুধু পর্দার চরিত্র নয়, এর কিছু অংশ আমাদের সবার মধ্যেই আছে। আড্ডায় পরিচালক
মেজবাউর রহমান সুমন বলেন, বিশ্ব সিনেমার পাশাপাশি দেশের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও গল্পের চলচ্চিত্র নিয়েও আরও আলোচনা হওয়া প্রয়োজন। ‘রইদ’ নির্মাণে আমাকে সবচেয়ে অনুপ্রাণিত করেছে চরিত্রগুলোর জীবন, অনুভূতি ও মানবিক সম্পর্ক। গল্প বলার চেয়ে দর্শকের মনে একটি অনুভূতি ও প্রশ্ন তৈরি করাকেই আমি বেশি গুরুত্ব দিয়েছি। এই সিনেমায় কোনো নির্দিষ্ট বক্তব্য চাপিয়ে দেয়া হয়নি বরং ধর্ম, রাজনীতি, সম্পর্কসহ নানা বিষয়কে প্রশ্নের জায়গা থেকে তুলে ধরা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন