পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা তীব্র। দুই দেশের মধ্যে পাকিস্তান ঘোষিত যুদ্ধে এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ উত্তর ওয়াজিরিস্তানে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।
এ জেলায় সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিউটিতে উপস্থিত থাকতে ও সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চিকিৎসাকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে। সীমান্তে সংঘাতে একাধিক পোস্ট ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তান-আফগান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান বাহিনী একাধিক আফগান তালেবান পোস্ট ধ্বংস করেছে। আজম ওয়ারসাক সেক্টরে শাগা পোস্ট ধ্বংস করা হয়েছে। মিরানশাহের কাছে একটি পোস্ট টাওয়ার ভেঙে দেয়া হয়েছে। জাওবা সেক্টরে ‘নিউ আফগান ৮’ পোস্ট, গলফ ও ডেল্টা পোস্ট ধ্বংসের দাবি করা হয়েছে। আরিয়ানা কমপ্লেক্স, দাবগাই চেকপোস্ট, আফগান পুলিশ সদর দপ্তর ও জাকারখেল পোস্টে হামলার কথা বলা হয়েছে। চিত্রাল সেক্টরে কানডাকসি ও খাইবার পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কিলা সাইফুল্লাহ সেক্টরে জিরগা থানার একটি পোস্ট ধ্বংসের দাবি করা হয়েছে। ওলাম খান সেক্টরে একটি আফগান পোস্টে আগুন ধরে যায়।
নিরাপত্তা সূত্র বলছে, পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা অভিযানে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং বহু উগ্রপস্থি নিহত হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ৩৩১ আফগান তালেবান নিহত হয়েছে। ১০৪টি পোস্ট ধ্বংস এবং ২২টি দখল করা হয়েছে। তবে এই সংখ্যাগুলো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ অবস্থায় সৌদি আরব ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক পথে সমাধানের আহ্বান জানিয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উত্তেজনা প্রশমনের বিষয়ে কথা বলেছেন।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’ সমর্থন করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, তালেবান তাদের সন্ত্রাসবিরোধী অঙ্গীকার পালনে ব্যর্থ হয়েছে এবং আফগানিস্তানকে উগ্রপন্থি গোষ্ঠীগুলো হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। মার্কিন কূটনীতিক অ্যালিসন হুকার পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচের সঙ্গে কথা বলেছেন বলেও জানানো হয়েছে।
