দুবাইয়ে গ্রেপ্তারের পর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন। ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। তার মুক্তির বিষয়টি পুলিশের এক ঘণিষ্ঠ সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছে।
ওদিকে কারামুক্তির পর বেনজীর আহমেদ গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় জানান, আদালতের নির্দেশ মোতাবেক তিনি জামিনে মুক্তি পেয়েছেন। বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন।
জানা গেছে, আদালত তার জামিনের সঙ্গে কয়েকটি শর্তও যুক্ত করেছে। এসব শর্তের মধ্যে রয়েছে, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে। আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। দুবাই পুলিশের সহযোগিতায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সমন্বয়ে তাকে আটক করা হয়। পরে গত ১২ জুন দুবাই পুলিশ এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।
বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগে দুদক একাধিক মামলা করেছে। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে আইনি সহায়তা চেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়, যার ধারাবাহিকতায় তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়।

Harun-Al-Rashid
১ ঘন্টা আগেThe foreign ministry and ministry of homeaffairs got plucked in their preliminary skill test. Failure should always not be the pillar of success.