আইন কর্মকর্তাদের নিয়োগের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

আইন কর্মকর্তাদের নিয়োগের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

ফন্ট সাইজ:

বাংলাদেশ সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত আইন কর্মকর্তাদের নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন একদল সংক্ষুব্ধ আইনজীবী। রোববার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং বিগত সময়ে জেল-জুলুমের শিকার অনেক যোগ্য আইনজীবীকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে অর্থের বিনিময়ে এবং ‘গুপ্ত-সুপ্ত’ সুবিধাভোগী ব্যক্তিদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
এ সময় বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান। তাদের ভাষ্য, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, ত্যাগ ও পেশাগত দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে তা অনুসরণ করা হয়নি বলে তারা অভিযোগ করেন।
বিক্ষোভ চলাকালে আইনজীবীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিয়োগ বাতিল করে যোগ্য ও আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত আইনজীবীদের নিয়োগ দেওয়ার দাবি জানান। উল্লেখ্য, গত ৩০শে জুলাই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্ববর্তী সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন