সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার সকাল ১১টার দিকে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে সতীন্দ্র দেবনাথের লাশ উদ্ধার করা হয়। আজ (রোববার) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় হেমেন্দ্র দেবনাথ ও অধির দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার সন্ধ্যায় ভবানীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা ডিঙ্গি নৌকায় করে জগন্নাথপুর পৌরসভার পাশের মইয়ার হাওরের বালুচল এলাকার একটি বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে রাত প্রায় ৩টার দিকে তারা নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে বৈঠাখালী এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়ার মধ্যে আফালে (ঢেউ) নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ, সতীন্দ্র দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও অধির দেবনাথ নিখোঁজ হন।
খবর পেয়ে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। বৈরী আবহাওয়া এবং হাওরের বিস্তীর্ণ জলরাশির কারণে উদ্ধারকাজে তাদের বেগ পেতে হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বৈরী আবহাওয়া ও বিশাল হাওরের কারণে উদ্ধার অভিযান কিছুটা বিলম্বিত হলেও শেষ পর্যন্ত নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, জগন্নাথপুরের নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় নিহতদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই অপূরণীয় ক্ষতি কোনো ভাবেই পূরণ হওয়ার নয়। এ কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
