প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন ভারতীয় অভিনেত্রী মধুমতিা সরকার। যিনি ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলাদেশেও। এবার মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’ ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন। গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশ নিয়েছেন মধুমিতাও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সবার এতো আগ্রহ, ভালোবাসা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেছি, এটা তো অনেক বড় দায়িত্ব। ছবিটা মুক্তির পর আপনারা আগ্রহ নিয়ে দেখতে যাবেন। সো, আমি চাই না আপনারা কোনোভাবে নিরাশ হন।
এ চরিত্রটাকে যেভাবে তুলে ধরা হচ্ছে, এতে ভালো আর খারাপের মাঝে একটা সূক্ষ্ম ফারাক আছে, সেটা সামান্য এদিক-ওদিক হলেও অনেক কিছু ঘটে যেতে পারে। তাই, চরিত্রটা করা আমার জন্য অনেক বড় দায়িত্ব। আশা করি, আপনাদের নিরাশ করব না। ঠিক কী কারণে ‘গুলশানের চামেলী’ হতে রাজি হলেন? মধুমিতার জবাব, যখন আমার কাছে প্রথমবার যোগাযোগ করা হলো, ‘গুলশানের চামেলী’ নামটা শুনেই ভাবছিলাম আমার চরিত্রটা ঠিক কেমন হবে! আমার কম্ফোর্ট জোনের কিনা। পরে গল্পটা পড়ার পর বুঝলাম, এরকম চরিত্র তো আগে করিনি। উনার ন্যারেটিভ শুনে উপলব্ধি করলাম, এ ছবির মাধ্যমেই বাংলাদেশে যাত্রা হওয়া দরকার। ছবির পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, যে ছবিগুলো পরিচালনা করেছি সেগুলো প্রশংসিত হয়েছে।
‘গুলশানের চামেলী’ নিয়ে পরিকল্পনা পাঁচ বছর আগের। অবশেষে এটি বাস্তবায়ন হচ্ছে। মধুমিতাকেও এখানে সবাই অন্যরকম ভাবে উপস্থাপনা করা হবে। গতানুগতিক যৌনকর্মীর ভূমিকায় নয়, এখানে অনেক টু্ইষ্ট থাকবে। উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমায় মধুমিতা ছাড়াও থাকছেন আজমেরী হক বাঁধন, আমিন খান, ওমর সানী, রোজিনা, আশীষ খন্দকার প্রমুখ। এ বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং হবে।
