রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় হাতে তৈরি বোমার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। মস্কোর কেন্দ্রস্থলের কুদ্রিনস্কায়া স্কয়ারের কাছে স্থানীয় সময় রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। রাশিয়ার জাতীয় সন্ত্রাস বিরোধী কমিটি (এনএসি) জানিয়েছে, এক নারী বিস্ফোরক নিয়ে রেস্তোরাঁটিতে প্রবেশের চেষ্টা করলে সেখানকার এক নিরাপত্তা প্রহরী তাকে বাধা দেন। এ সময় বোমার বিস্ফোরণ ঘটলে ওই হামলাকারী নারী, নিরাপত্তা প্রহরী এবং রেস্তোরাঁর একজন গ্রাহক নিহত হন।
রেস্তোরাঁটি মস্কোর বিখ্যাত স্টালিন আমলের একটি আকাশচুম্বী ভবনে অবস্থিত। ঘটনার সময় সেখানে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। তবে উপস্থিত অতিথিদের তালিকা বা এই হামলার মূল লক্ষ্য কে ছিলেন, সে বিষয়ে রুশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় মানুষকে বাইরে বের করে নিয়ে আসতে দেখা গেছে। প্রথমদিকের খবরে বিস্ফোরণটি রান্নাঘরের ভেতরে হয়েছে বলে বলা হলেও পরবর্তীতে রেস্তোরাঁ কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, বাইরে একটি সমস্যা তৈরি হয়েছিল। ঘটনার পরপরই আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সময় শহর জুড়ে রাত্রিকালীন রাইডের জন্য কাছেই অনেক সাইক্লিস্ট জড়ো হলেও সুরক্ষার স্বার্থে অনুষ্ঠানটি বাতিল করা হয়।
রুশ সংবাদ সংস্থা আরআইএ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও তার আশপাশে কয়েকজন জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার জন্য শুরু থেকেই কিয়েভকে দায়ী করে আসছে রাশিয়া।
