পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার আফগান তালেবান নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে পাকিস্তানের অতীতের আতিথেয়তা ও সমর্থনের কথা স্মরণ করিয়ে দেন। আফগান কর্তৃপক্ষকে অনুরোধ করেন যেন তাদের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার না করা হয়। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, সোভিয়েত ইউনিয়ন-আফগানিস্তান যুদ্ধের সময় পাকিস্তান ‘মন-প্রাণ দিয়ে’ আফগান যোদ্ধাদের পাশে ছিল। তিনি বলেন, পাকিস্তান হাক্কানি ও তার পরিবারসহ লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। এখনো বহু আফগান শরণার্থী পাকিস্তানে বসবাস করছেন এবং ‘আমাদের পবিত্র ভূমিতে অবস্থান করে জীবিকা নির্বাহ করছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। খাজা আসিফ বলেন, সোভিয়েত আমলে উভয় পক্ষ একটি অভিন্ন যুদ্ধে লড়েছিল এবং সে সময় যুদ্ধের লক্ষ্য নির্ধারিত হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রভাবেই।
৯/১১ হামলার পরবর্তী সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান ন্যাটোর লজিস্টিক সহায়তা দিয়েছিল। কিন্তু পরে অভিযোগ ওঠে যে পাকিস্তান হাক্কানি নেটওয়ার্ককে সহায়তা করছে। তিনি বলেন, ‘তখন তোমাদের অবস্থান সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল। তোমাদের কি তা মনে আছে?’ আফগান নেতৃত্বের কাছে তিনি জানতে চান, পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য ছিল কি না। তিনি বলেন, ১৯৭৯ সাল থেকে ৯/১১-পরবর্তী সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে সম্পৃক্ততা কমিয়ে দেয়, আর এ সময়ে ইসলামাবাদ আফগান বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমঝোতার চেষ্টা করে।
তিনি বলেন, পাকিস্তান এমনকি প্রতিদ্বন্দ্বী আফগান গোষ্ঠীগুলোকে মক্কায় নিয়ে গিয়েছিল সমঝোতার প্রচেষ্টার অংশ হিসেবে। দশকের পর দশক আতিথেয়তা দেয়ার পরও এখন পাকিস্তান এমন গোষ্ঠীগুলোর সহিংসতার মুখোমুখি হচ্ছে, যারা অভিযোগ অনুযায়ী আফগান মাটি থেকে কার্যক্রম চালাচ্ছে। এ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন করেন, ‘তোমরা কেন তাদের আশ্রয় দিচ্ছ, যারা আমাদের নিরীহ শিশু ও মানুষকে হত্যা করছে?’ তিনি আরও বলেন, পাকিস্তানকে লক্ষ্য করে হামলা চালানো জঙ্গিদের সুরক্ষা দেয়া হচ্ছে এবং মিত্র হিসেবে দেখা হচ্ছে।
তিনি জানান, তিনি কাবুল সফর করে আফগান নেতৃত্বকে অনুরোধ করেছেন যেন তারা পাকিস্তানবিরোধী গোষ্ঠীর সঙ্গে না থাকে। তিনি বলেন, ‘আমরা তোমাদের বলেছিলাম তাদের সমর্থন না দিতে। প্রয়োজনে আর্থিক সহায়তা দিতেও আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।’
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘হাক্কানি’ নামের সঙ্গে যুক্ত বংশপরম্পরা ঐতিহাসিকভাবে সম্মানিত এবং সেই সম্মান রক্ষা করা উচিত। তিনি বলেন, ‘আমরা তোমাদের কাছে কিছু চাই না। তোমরা তোমাদের ঘরে শান্তিতে থাকো এবং আমাদেরও আমাদের ঘরে শান্তিতে থাকতে দাও।’ তিনি সতর্ক করেন যে, পাকিস্তান চায় না তার শত্রুরা আফগান ভূখণ্ডের আশ্রয়ে পাকিস্তানে বা সেখান থেকে কোনো কার্যক্রম চালাক। তিনি জোর দিয়ে বলেন, ‘তোমরা যদি চাও তাদের তোমাদের দেশে আশ্রয় দাও। কিন্তু আমাদের বিরুদ্ধে তোমাদের ভূমি ব্যবহার করতে দিয়ে আমাদের শত্রুর ভূমিকা পালন কোরো না।’ শেষে তিনি বলেন, ‘আল্লাহ মহান। পাকিস্তান জিন্দাবাদ।’
আফগান তালেবানদের অতীত স্মরণ করিয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬, ১১ঃ৫৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Mamunur Rashid
৩ মাস আগেTaliban should be destroyed.Their policies are the rute cause of this crisis