গাজীপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডিতদের আপিলের শুনানি দেশের সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ শুনানি অনুষ্ঠিত হয়। এদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
মামলার নথি অনুযায়ী, ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্টের রায়ে ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এছাড়া ৭ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং ১১ জনকে খালাস দেয়া হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম.এ. মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের এক সম্মেলনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আহসান উল্লাহ মাস্টার। এ ঘটনায় তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
রোববার শুরু হওয়া আপিলের শুনানি শেষে আদালত পরবর্তী কার্যক্রমের জন্য দিন নির্ধারণ করবেন।
