‘জনগণই আমাদের প্রকৃত ক্লায়েন্ট, পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন নবনিযুক্ত আইন কর্মকর্তারা’

ফন্ট সাইজ:

নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রাষ্ট্রের স্বার্থ রক্ষা, জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনই হবে তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সরকারের পক্ষে দায়িত্ব পালন করা হলেও প্রকৃত অর্থে দেশের জনগণই আইন কর্মকর্তাদের ক্লায়েন্ট।

রোববার নবনিযুক্ত আইন কর্মকর্তাদের প্রথম কর্মদিবসে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, গত বৃহস্পতিবার ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেয়েছেন। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় রোববারই ছিল তাদের প্রথম কর্মদিবস। নবনিযুক্তরা সকাল ৮টার আগেই কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন এবং আদালতের কার্যক্রমে অংশ নেয়ার প্রস্তুতি নেন।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ চায়, যেকোনো নিয়োগের ভিত্তি হোক সততা, কর্মদক্ষতা, দেশপ্রেম ও জাতীয় চেতনা। আমি বিশ্বাস করি, সরকার ও মহামান্য রাষ্ট্রপতি এসব বিষয় বিবেচনায় নিয়েই আইন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন।”
নবনিযুক্তদের দায়িত্ব সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, সবাই ভিন্ন ভিন্ন পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে এসেছেন। যার যে বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে, তিনি সেই ক্ষেত্রেই কাজ করবেন। তবে সবার অভিন্ন লক্ষ্য হবে রাষ্ট্রের পক্ষে আইনি লড়াইয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা এবং রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “একটি বিষয় আমাদের সব সময় মনে রাখতে হবে—অ্যাটর্নি জেনারেল অফিসে সরকার আমাদের দায়িত্ব অর্পণ করলেও প্রকৃত অর্থে এ দেশের জনগণই আমাদের ক্লায়েন্ট। জনগণের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, নতুন ও পুনর্নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের অভিজ্ঞতা এবং দক্ষতার সমন্বয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয় আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী। জনগণের প্রত্যাশা পূরণে সবাই আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্ববর্তী সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগগুলো অবিলম্বে কার্যকর হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন