ইরানে সম্ভাব্য বিমান হামলা স্থগিত করলেন ট্রাম্প

দ্রুত চুক্তি সম্পাদনে চোখ

ইরানে সম্ভাব্য বিমান হামলা স্থগিত করলেন ট্রাম্প

ফন্ট সাইজ:

ইরানের বিমান হামলা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর ফলে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে পূর্বপরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, তিনি আক্রমণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন, তবে তা দ্রুত একটি চুক্তি সম্পন্ন করার শর্তে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং ইরানের পক্ষ থেকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ আসার পর ইসরাইলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প দাবি করেন, সম্ভাব্য এই চুক্তির প্রধান শর্তগুলো ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালির তাৎক্ষণিক, সম্পূর্ণ এবং সার্বিক উন্মুক্তকরণ এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান।

একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আর দেখা যায়নি এমন স্তরের সামরিক আতঙ্ক, শক্তি ও সামর্থ্য নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে প্রস্তুত ও সুসজ্জিত হয়ে রয়েছে। এর আগে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্প প্রশাসন ও ইসরাইল সপ্তাহের শেষেই ইরানের জ্বালানি খাত ও বিদ্যুৎ ব্যবস্থাকে লক্ষ্য করে তীব্র হামলার পরিকল্পনা করছিল। শুক্রবার এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প সাংবাদিকদের উপস্থিতিতেই বলেন, আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হানব। কোনো এক পর্যায়ে তারা বলতে বাধ্য হবে, ‘আমরা আর নিতে পারছি না।’ তবে শনিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ফোন করে এই হামলার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে সম্ভাব্য উত্তেজনার আশঙ্কায় মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে থাকা তাদের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করে জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের চরম সতর্কতা বজায় রাখা উচিত এবং বিমান ফ্লাইট বাতিল, সাময়িক আকাশসীমা বন্ধ ও সম্ভাব্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকা উচিত। ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সৈয়দ নাজমুল আহসান

২ ঘন্টা আগে

বিশ্বমঞ্চে ট্রাম্প সেরা খলনায়কে পরিণত হচ্ছে.....

হারুন উর রশীদ

২ ঘন্টা আগে

ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানের বেসামরিক স্থাপনায় হামলা করলে যুদ্ধাপরাধী হিসেবে গণ্য হবেন এবং ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন!

মন্তব্য করুন