নাটকীয়ভাবে ফিরলেন লিটন

নাটকীয়ভাবে ফিরলেন লিটন

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়া সফরের ঠিক শেষ মুহূর্তে নাটকীয় মোড় নিয়ে টাইগারদের প্রথম টেস্টের ১৫ সদস্যের স্কোয়াডে যুক্ত হলেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। বাম পায়ের কাফের ইনজুরিতে ভুগছিলেন তিনি। প্রথম টেস্টের শুরুতে স্কোয়াডেই রাখা হয়নি তাকে। খেলা নিয়ে শঙ্কা ছিল দ্বিতীয় ম্যাচেও। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি হওয়ায় ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ছাড়ছেন ৩১ বছর বয়সী এই তারকা উইকেটরক্ষক-ব্যাটার। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। দল ঘোষণার পর পরিস্থিতি বদলে যাওয়া নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘গত ২৬ তারিখে ঘোষিত টেস্ট স্কোয়াডের সময় লিটনের ফিটনেস সন্তোষজনক ছিল না, তবে শেষ ৭ দিনে ওর রিকভারি দ্রুত হয়েছে।

অস্ট্রেলিয়া পৌঁছানোর পর মূল ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে প্রথম টেস্টেই দেখা যাবে তাকে।’ মূলত এই সিরিজে লিটনের খেলার সম্ভাবনা ছিল ক্ষীণ। কিন্তু দ্রুত ইনজুরি সেরে ওঠায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রথম ম্যাচেই মাঠে নামবেন কিনা তা নিয়ে সংশয় থাকছেই, কারণ মাঠে নামার আগে তাকে মুখোমুখি হতে হবে ফিটনেস পরীক্ষার। তাই প্রশ্ন থেকে যাচ্ছে- দলে ফিরলেও প্রথম ম্যাচের একাদশে খেলতে পারবেন কি লিটন! আগামী ৬ থেকে ৮ই আগস্ট ৩ দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ১৩ই আগস্ট মাররারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে প্রথম টেস্ট। অন্যদিকে পেস আক্রমণের দুই শক্তি নাহিদ রানা ও তাসকিন আহমেদের শারীরিক অবস্থা মূল্যায়নে অস্ট্রেলিয়ার চিকিৎসকদের দ্বারস্থ হয়েছে বিসিবি। ডারউইনে পৌঁছানোর পর তাদের স্ক্যান ও পরীক্ষা শেষ হলেও আনুষ্ঠানিক প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে ম্যানেজমেন্ট। এদিকে রানার ওয়ার্কলোড ও ইনজুরি নিয়ে তৈরি হওয়া বিতর্কের তীব্র সমালোচনা উড়িয়ে দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার।

১৯ তারিখ টি-টোয়েন্টি খেলার পর ১৮ দিনের ব্যবধানে ২টি ওয়ানডেতে ১০ ওভার করে এবং পরবর্তী টি-টোয়েন্টিতে ৪ ওভারসহ মোট ২৪ ওভার বোলিংয়ের পরিসংখ্যান টেনে শাহরিয়ার নাফীস বলেন, ‘২০ দিনে ২৪ ওভার বোলিংকে কোনোভাবেই ওভারবোলিং বলা যায় না, ওর ওয়ার্কলোড সম্পূর্ণ মডারেট ছিল।’ এছাড়াও আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের শারীরিক সামর্থ্য পরিমাপের বৈজ্ঞানিক ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা জিপিএস প্রযুক্তি ও ক্যাটাপোল্ট ট্র্যাকিংয়ের মাধ্যমে সায়েন্টিফিক উপায়ে প্রতি ওভারের তথ্য পর্যবেক্ষণ করি। প্লেয়ারদের ওয়ার্কলোড এখন ম্যানুয়ালি নয়, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে স্পেসিফিক্যালি মেইনটেইন করা হয়।

নাহিদ রানার কেসে ওর ওয়ার্কলোড মডারেট ছিল এবং এভারেজের চেয়ে বেশি ছিল না। সুতরাং ওয়ার্কলোডে কোনো সমস্যা ছিল না। আর আকস্মিক দুর্ঘটনা যেকোনো সময়ই ঘটতে পারে।’ অতিরিক্ত কিংবা কম বোলিং উভয় কারণেই পেসারদের পেশির টান বা সাইড স্ট্রেইন হতে পারে ব্যাখ্যা করে নাফীস যুক্ত করেন, ‘অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে বোর্ড থেকে রানার ফিটনেস সংক্রান্ত সমস্ত স্বাস্থ্যঝুঁকি যাচাই করা হয়েছে এবং সে অনুপাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’ অন্যদিকে নাহিদ রানা ও তাসকিন বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছে চিকিৎসার জন্য। তাদের অপডেট নিয়ে নাফীস বলেন, ‘ওরা অস্ট্রেলিয়াতে গিয়েছে, ওখানে ওদের সব ধরনের অ্যাসেসমেন্টই হয়েছে। স্ক্যান হয়েছে, ডাক্তার দেখেছে। তো মেডিকেল ডিপার্টমেন্টের বায়েজিদ ভাই ওদের সাথে ওর সাথে ট্রাভেল করেছিল।

তারা এখন অফিশিয়ালি আমাদের রিপোর্ট লেখেনি এবং আমরা জানি যে স্ক্যান এবং স্ক্যানের রিপোর্ট একটা স্টাডি করে রিপোর্ট দেয়ার কথা। তো আমরা যে উদ্দেশ্যে ওদের পাঠানো, আমরা ওদের অ্যাসেসমেন্ট করতে পেরেছি। ফার্দার রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি।’ এছাড়াও অজিদের মাটিতে শক্তিশালী দলের বিপক্ষে লাল বলের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগে পুরো দলের সার্বিক প্রস্তুতি ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে অত্যন্ত আশাবাদী বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। এ নিয়ে নাফীস বলেন, ‘একজন সাধারণ দর্শক হিসেবে আমার প্রত্যাশা, গত ৬ মাস ধরে আমাদের দল যেভাবে ডোমিনেট করে ক্রিকেট খেলেছে, ডারউইনেও সেই জয়ের ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে এবং বাংলাদেশ খুব পজিটিভ রেজাল্ট নিয়ে দেশে ফিরতে পারবে, ইনশাআল্লাহ।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন