হকির ‘মিশন ইম্পসিবল’কে সম্ভব করতে চান গেরহার্ড

হকির ‘মিশন ইম্পসিবল’কে সম্ভব করতে চান গেরহার্ড

ফন্ট সাইজ:

স্বাধীনতার পর এশিয়ান গেমস হকির ১১ আসরে অংশ নিয়ে কখনো সেমিফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। ১৯৭৮ ও ২০১৮ আসরে ষষ্ঠ হওয়া লাল-সবুজ প্রতিনিধিদের সর্বোচ্চ সাফল্য। সেপ্টেম্বরের মাঝামাঝিতে এশিয়ান গেমস হকির নতুন আসরে অংশ নেবে বাংলাদেশ। এবার পুরনো সাফল্যকে ছাড়িয়ে যেতে চান জাতীয় হকি দলের নবনিযুক্ত কোচ পিটার গেরহার্ড। ‘মিশন ইম্পসিবল’কে সম্ভব করতে চান এ জার্মান কোচ। এশিয়ান গেমসকে সামনে রেখে গতকাল মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্টেডিয়ামে পিটার গেরহার্ডের অধীনে আনুষ্ঠানিকভাবে প্রথম অনুশীলন করে বাংলাদেশ জাতীয় হকি দল। অনুশীলনে স্টিক হ্যান্ডেলিং, পাস, রিসিভিং, শুট ও গোল প্রেক্টিস করেন প্লেয়াররা।

৯ই আগস্ট পর্যন্ত এ মাঠে অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর কন্ডিশনিং ক্যাম্প ও অনুশীলন ম্যাচ খেলতে জার্মানি যাবে দল। এশিয়ান গেমসের আগে প্রস্তুতির জন্য চার থেকে পাঁচ সপ্তাহ সময়কে সীমিত হিসেবে দেখছেন গেরহার্ড। তবে সীমিত সময়ের মধ্যে মিশন ইম্পসিবলকে সফল করতে চান এ জার্মান কোচ। তিনি বলেন, ‘আমরা এই অসম্ভবকেই সম্ভব করবো।’ বাংলাদেশ জাতীয় হকি দলের ইউরোপে খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ নয়। এক দশক আগে সবশেষ ইউরোপ সফর করেছিল বাংলাদেশ। জার্মান কোচ অলিভার কার্টজের নেতৃত্বে তিন সপ্তাহের জন্য পোল্যান্ড ও অস্ট্রিয়া ক্যাম্প করে। সেখানে পোল্যান্ডের সঙ্গে ৫ ও অষ্ট্রিয়ার সঙ্গে ৩টি প্রস্ততি ম্যাচ খেলে বাংলাদেশ। ওই সফরের সঙ্গী রাসেল মাহমুদ জিমি এশিয়ান গেমসের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া একমাত্র সদস্য।

জিমি অভিজ্ঞতা পুরো দলকে দেয়ার জন্য জার্মানিতে ক্যাম্প করবে বাংলাদেশ। ইউরোপীয় অভিজ্ঞতার পক্ষে যুক্তি টেনে গেরহার্ড আর্জেন্টিনার সাফল্যকে তুলে ধরেন। ২০১২ সালে আর্জেন্টিনা পুরো দলকে জার্মানিতে নিয়ে যায় এবং সেখানে জার্মানি, নেদারল্যান্ডস ও স্পেনের লীগের দলগুলোর সঙ্গে ম্যাচ খেলে। তার ফল পায় ২০১৬ সালে। রিও অলিম্পিকে হকি ইভেন্টে স্বর্ণপদক জেতে আর্জেন্টিনা। বর্তমানে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলগুলো খেলোয়াড়দের মান উন্নয়নে সরাসরি ইউরোপেই ক্যাম্প পরিচালনা করছে। আধুনিক হকির গতি ও শৈলীর সঙ্গে তাল মেলাতে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া তাদের সেরা খেলোয়াড়দের জার্মানি ও ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলায়। ইউরোপীয় হকির সঙ্গে এই কৌশলগত ব্যবধান ঘোচাতে বাংলাদেশ জাতীয় হকি দল জার্মানিতে অনুশীলন ক্যাম্প করবে। ক্যাম্পের শেষভাগে জার্মান হকি লীগের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ম্যাচ খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। এ প্রসঙ্গে কোচ পিটার গেরহার্ড বলেন, ‘ইউরোপের খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন। আমার লক্ষ্য হলো দলে এই ইউরোপীয় শৈলী নিয়ে আসা। আমরা যদি এটি আয়ত্ত করতে পারি, তবে এশিয়ান গেমসে এশিয়ার অন্য দলগুলো আমাদের বিরুদ্ধে বেশ সমস্যায় পড়বে। সমীকরণটি খুবই সহজ।’

খেলোয়াড়দের মানসিক দক্ষতা বৃদ্ধিতে বাহফের বিশেষ কর্মশালা

স্বপ্ন নয়, এবার ইতিহাস- এ স্লোগান সামনে রেখে খেলোয়াড়দের মানসিক দক্ষতা ও মনস্তাত্ত্বিক শক্তি বৃদ্ধিতে বিশেষ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন। গতকাল বাহফে ভবনে ‘ট্রেইন ইউর মাইন্ড’ শীর্ষক এ কর্মশালা আয়োজিত হয়। বাংলাদেশ হকির সার্বিক মানোন্নয়নে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন হকি ফেডারেশনের কর্মকর্তারা। বিশেষ এই কর্মসূচিতে দেশের অভিজ্ঞ মনস্তত্ত্ববিদ ও ফ্রিল্যান্স কনসালট্যান্টদের একটি দল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। লিড ট্রেইনার হিসেবে সেশন পরিচালনা করেন ফ্রিল্যান্স কনসালট্যান্ট আরিফ সিদ্দিকী। তার সঙ্গে অ্যাসোসিয়েট ট্রেইনার হিসেবে ছিলেন মো. হানিফ। এ ছাড়া খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ প্যানেলে যুক্ত ছিলেন ‘প্রত্যয়ের’ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জান্নাতুল ফেরদৌস। কর্মশালা নিয়ে জাতীয় দলের ফরোয়ার্ড রাকিবুল ইসলাম বলেন, ‘যে কোনো স্পোর্টসের জন্য মানসিক দক্ষতার উন্নতি জরুরী। এরকম সেশন আমরা আগে কখনো পাইনি। এটাই প্রথম। আমরাও মনোযোগ দিয়ে এ কর্মশালায় অংশ নিয়েছি। একজন প্লেয়ারকে কতটা চাপ নিয়ে খেলতে হয়, তা দেখলাম। অনেক কিছু শেখার ছিলো। পুরো সেশনটি উপভোগ্য ছিলো।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন