ব্যাটারদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকায় হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো বাংলাদেশ ইমার্জিং দল। গ্রয়েনক্লুফ স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে লাল-সবুজ প্রতিনিধিরা। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বাগতিক পেসারদের সামনে ধুঁকতে থাকে বাংলাদেশ। মাত্র ৩০.২ ওভারে ৮৯ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন ওপেনার মাহফিজুল ইসলাম। ৭৩ বলে পাঁচ চারে এ ইনিংস সাজান তিনি। এ ছাড়া আমিনুল ইসলাম বিপ্লব ১১ ও সামিউন বাসির করেন ১০ রান। বাকি আট ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শূন্য রানে আউট হন মইন খান ও এনামুল হক। অতিরিক্ত খাত থেকে আসা ১১ রান না যোগ হলে স্কোরলাইন আরও বিব্রতকর হতে পারতো।
বল হাতে জ্বলে উঠিে দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত রচনা করেন ডাইয়ান গালিয়েম। ৮.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৫ উইকেট। এ ছাড়া আন্দিলে মোগাকানে নেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার বায়ান্দা মাজোলা, জানকো স্মিট ও ক্যালেব সেলেকার। ৯০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়নি। দলীয় ১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তবে সেই ধাক্কা দ্রুতই সামলে নেয় স্বাগতিকরা। রিচার্ড সেলেৎসওয়ানের অপরাজিত ৩৫ (৪০ বলে ৫ চার ও ১ ছক্কা) ও মিচেল ভ্যান বুরেনের অপরাজিত ১৮ রানের সুবাদে ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। এ ছাড়া ড্যানিয়েল স্মিথ ২৩ বলে ২২ ও মোদিরি লিথেকো করেন ২৬ বলে ১৪ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। চার ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট নেন তিনি।
