‘আমরা ঘরের মাঠকে দুর্গ বানাতে চাই’, দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী চেজ

‘আমরা ঘরের মাঠকে দুর্গ বানাতে চাই’, দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী চেজ

ফন্ট সাইজ:

পাকিস্তানের বিপক্ষে পোর্ট অব স্পেনে আজ দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে দারুণ আত্মবিশ্বাসী ক্যারিবিয়ান অধিনায়ক রোস্টন চেজ। শেষ এক মাসে তিন টেস্টে দুটি জয় তুলে নেয়ার পর বেশ ফুরফুরে মেজাজে আছেন এই তারকা অলরাউন্ডার। ক্যারিবিয়ান দ্বীপে প্রতিপক্ষের জন্য জয়কে কঠিন করে তুলতে ঘরের মাঠকে ‘দুর্গ’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেজ।

গত এক মাসে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২১৭ রানে হারানোর পর গত সপ্তাহে পাকিস্তানকে ৯০ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এই ধারাবাহিক জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে ক্যারিবিয়ানদের। দ্বিতীয় টেস্টেও জয় পেলে তারা ইংল্যান্ডকে টপকে সাত নম্বর স্থানে উঠে আসবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী চেজ বলেন, ‘গত বছর আমাদের সময়টা ভালো যায়নি (একটিতে জয় ও আটটিতে হার)। এরপর আমরা বসে পরিকল্পনা করেছি এবং আমরা ঠিক সেখানেই আছি, যেখানে থাকতে চেয়েছিলাম। আমরা কোনো কিছুকে হালকাভাবে নিতে চাই না। নিজেদের পরিকল্পনাগুলো ঠিকমতো বাস্তবায়ন করে দ্বিতীয় জয়টি তুলে নিতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা ঘরের মাঠে পাওয়া ফলাফলে আনন্দিত। তবে আমি চাই আমাদের হোমগ্রাউন্ডকে একটি দুর্গে পরিণত করতে, যেখানে ক্যারিবিয়ানদের মাটিতে এসে সব দলের জন্যই জেতা কঠিন হবে।

আমরা কন্ডিশন ভালোভাবেই জানি এবং ঘরের মাঠের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে চাই।’ এদিকে ওয়েস্ট ইন্ডিজের আত্মবিশ্বাসের পেছনে অন্যতম বড় কারণ পাকিস্তানের টানা আটটি অ্যাওয়ে টেস্ট হার। তবে পোর্ট অব স্পেনের পিচ স্পিনারদের জন্য সহায়ক হতে পারে। প্রথম টেস্টে আঙুলের চোটের কারণে বোলিং করতে না পারা অধিনায়ক চেজ জানান, তার চোটের উন্নতি হচ্ছে। তিনি বলেন, ‘আজ নেটে দুই ওভার বোলিং করেছি। যদিও এখনো কিছুটা ব্যথা আছে, তবে আশা করি রোববারের মধ্যে আমি নিয়মিতভাবে অন্তত চার থেকে পাঁচ ওভার বোলিং করতে পারব।’ অন্যদিকে ঘরের মাঠে এই শেষ টেস্ট জিতে ক্যারিবিয়ানরা তাদের সাফল্যের ধারা ধরে রাখতে চায়, যা বিশ্ব ক্রিকেটে তাদের পুনরুত্থানের পথকে আরও প্রশস্ত করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন