কয়েকদিনের মধ্যে ইরানে ফের যুদ্ধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিচ্ছে ইসরাইলও

কয়েকদিনের মধ্যে ইরানে ফের যুদ্ধ

ফন্ট সাইজ:

আগামী কয়েক দিনের মধ্যে ইরানের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ফের হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে তিনি এখনও চূড়ান্ত নির্দেশ দেননি। শুক্রবার (৩১ জুলাই) মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নতুন করে মার্কিন বিমান হামলার উদ্দেশ্য হবে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে তেহরানকে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে চাপ দেয়া।
দীর্ঘ বিরতির পর সম্ভাব্য এই হামলায় ইসরাইলি সামরিক বাহিনী যুক্ত হতে পারে। এটি হলে ইরানও ইসরাইলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে সিবিএস নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালও সম্ভাব্য এই হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
এনিয়ে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ট্রাম্প সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে বলেন, আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানবো। একসময় তারা বলবে, আর সহ্য করতে পারছি না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যত বেশি হামলা চালাবে, ইরান তত দুর্বল হবে এবং শেষ পর্যন্ত তাদের প্রতিরোধ ভেঙে পড়বে।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, যুক্তরাষ্ট্র জয়ী হবে এবং তার দায়িত্বে থাকা অবস্থায় ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
এদিকে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইরান “অত্যন্ত আগ্রাসী” আচরণ করছে। তেহরান কতটা সংঘাত বাড়াতে প্রস্তুত, তা দেখে মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তাও বিস্মিত হয়েছেন।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলা “উন্মাদনার শামিল” হবে।
ওই কর্মকর্তা বলেন, আমরা ব্যাপক পাল্টা প্রতিক্রিয়ার পরিকল্পনা প্রস্তুত করেছি। এতে জায়নিস্ট শাসনের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে আমরা পুরোপুরি প্রস্তুত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন